ডেস্ক রিপোর্ট
৪ জুলাই ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বগুড়া শহরে চলমান লকডাউনে ব্যাটারি রিকশা ও ইজিবাইকের চার্জিং গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সিলেটে ব্যাটারি রিকশা চলাচলে বাঁধা ও আটকের তীব্র নিন্দা জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন আজ রোববার (০৪ জুলাই ২০২১ ) এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা ও লকডাউনে সারাদেশের মানুষের আয় কমছে, কর্মচূতি ঘটছে, দারিদ্রতা বাড়ছে।কর্মহীন ও দরিদ্র হয়ে পড়া মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কোন খাদ্য বা নগদ সহায়তা নেই।সেই সময় রিকশাচালকসহ শ্রমজীবীরা তাদের পরিবারের মুখে দু’মুঠো আহার তুলে দেওয়ার জন্য করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করে সামান্য কিছু আয় করার চেষ্টা করছে।কিন্ত বগুড়ায় রিকশার ব্যাটারি চার্জিং গ্যারেজ ও দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক অচল করে দেওয়ার প্রশাসনিক অপচেষ্টা শুধু অযৌক্তিকই নয়, তা অমানবিক।অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারার ক্ষেত্রে প্রশাসনের তেমন কোন উদ্যোগ না থাকলেও লকডাউন চলাকালে বৈধ বিদ্যুৎ গ্রাহকের লাইন বিচ্ছিন্ন করায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সিলেটসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলে বাঁধা প্রদান ও আটকের ঘটানার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবন্দ বলেন করোনাকালের এই সময়ে ব্যাটারিচালিত রিকশা চালকসহ শ্রমজীবীদের জীবন জীবিকায় আঘাত আনে এমন যে কোন সিদ্ধান্ত ও অপতৎপরতা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই সাথে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।