ডেস্ক রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: ঘোষিত মজুরি পূনর্বিবেচনা করে শ্রমিকের জীবনমান উন্নয়ন উপযোগি মজুরি নির্ধারণ করো, মজুরি বোর্ডের সংস্কার করো গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে, শ্রমিকদের মানুষ্যোচিত্ব জীবনযাপনের উপযোগী মজুরি পূণঃনির্ধারণ এবং মজুরি বোর্ডের সংস্কারের দাবিতে আজ ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১ টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জ্বি-স্কপ) এর আহবানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে একটা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে একটি প্রতিনিধি দল মজুরি বোর্ড চেয়ারম্যনের বরাবরে আপত্তি ও স্মারকলিপি দাখিল করেন।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সহ-সভাপতি – খালেকুজ্জামান লিপন, জাতীয় সোয়েটার এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি- তৈয়েবুর রহমান তোহা ও সাধারণ সম্পাদক – শাজাহান সিরাজী, পোশাক শিল্প শ্রমিক জোট সভাপতি – সরদার খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক – তাজেরুল ইসলাম সুমন ও মোহাম্মদ আলী, গার্মেন্টস শ্রমিক জোট সাধারণ সম্পাদক – সুমা আক্তার, ঢাকা জাতীয় নিট ডাইং শ্রমিক কর্মচারী ফেডারেশন মোঃ শরিফ, বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আরমান হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে গার্মেন্টস খাতের প্রায় ৩২ লক্ষ শ্রমিকের জন্য ৪টি গ্রেডের যে মজুরি প্রস্তাব বর্তমান মজুরি বোর্ড করেছে এবং যে প্রক্রিয়ায় মজুরি নির্ধারণ করা হয়েছে তা শ্রমিকদের হতাশ করেছে। ২০২৪ এ সর্বোচ্চ সংখ্যক শ্রমজীবী মানুষ জীবন দিয়েছিল অভ্যূত্থান পরবর্তী সরকার বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সেই স্বপ্ন ধারণ করে। সরকার সম্প্রতি যে পে কমিশন ঘোষণা করেছে সেখানে সর্বনিম্ন গ্রেডের সর্বসাকূল্য বেতন প্রায় ৩৮ হাজার টাকা নির্ধারণের মধ্যে দিয়ে এটা নির্ধারণ করে দিয়েছে যে, বর্তমান বাজারে ৪ সদস্যের একটি পরিবারের ন্যূনতম মানবিক ভাবে জীবনযাপন করতে ঐ পরিমাণ আয় নিশ্চিত করা দরকার। সমতা এবং ন্যায্য মজুরি পাওয়ার সাংবিধানিক অধিকার এবং শ্রম আইনের ১৪১ নং ধারায় উল্লেখিত মানদন্ডসমূহের নিরিখে ও প্রতিদ্বন্দ্বী দেশসমূহের শ্রমিকরে মজুরির পরিমাণ বিবেচনায় নিয়ে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি করেছিল।
গার্মেন্টস শিল্প খাতের জন্য গঠিত মজুরি বোর্ডে মনোনিত শ্রমিক প্রতিনিধি সকল সক্রিয় শ্রমিক সংগঠনের মতামত ধারণ করে ঐক্যবদ্ধ মজুরি প্রস্তাবনা উত্থাপনের প্রতিশ্রুতি দেওয়ায় জি-স্কপ তার দাখিলকৃত ৩২ হাজার টাকার মজুরি দাবিকে সমার্থন করে। কিন্তু, মজুরি বোর্ডে দরকষাকষিতে শ্রমিক প্রতিনিধি দৃঢ়তা এবং যথাযথ যৌক্তিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। মজুরি নির্ধারণে তড়িঘড়ি করার মাধ্যমে দরকষাকষিতে চাপ প্রয়োগের পদ্ধতিগত প্রক্রিয়াকে কাজে লাগানোর পরিবর্তে দ্রুততম গতিতে ভারসাম্যহীন ভাবে দাবির পরিমান কমিয়ে দিয়ে নিজেদের দুর্বলতার পরিচয় দিয়েছেন। দাবি উত্থাপনের সময় ঐক্যবদ্ধতার কথা বললেও দরকষাকষির কৌশল নির্ধারণে শ্রমিক সংগঠনসমূহের মতামত গ্রহণ না করে একক সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণে অত্যাধিক তাড়াহুড়ো করা এবং ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণের মোতো নজিরবিহিন পদ্ধতি অবলম্বন শুধু শ্রমিক প্রতিনিধিদের অদক্ষতা আর প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেনা, মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য আর চেয়ারম্যানও তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করতে ব্যর্থ হয়েছে, যা মজুরি বোর্ডের প্রতি শ্রমিকদের আস্থা ধ্বংস করেছে। স্বভাবতই, মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় শ্রমিকদের আস্থা ফিরিয়ে আনতে গামেূন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে সরকার প্রধান কর্তৃক শ্রমিকের জীবনমান উন্নয়নের ইপযোগী মজুরি ঘোষণা করা এবং মজুরি বোর্ডে প্রয়োজনীয় পরিবর্তন এনে বোর্ডের সংস্কার করার দাবি উঠেছে।
মাননীয় সরকার প্রধানের প্রতি আমরা সেই আহবান জানাচ্ছি। যারা শ্রমিক প্রতিনিধি পরিচয়ে ১৭ হাজার টাকা মজুরি মেনে নেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছেন তারা হয় সংবিধান, জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী শ্রমিকের অধিকার কি, শ্রমিকের মজুরি কিভাবে নির্ধারিত হওয়া উচিত এবং দরকষাকষির কৌশল সম্পর্কে জ্ঞান রাখেন না অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মালিকের স্বার্থ রক্ষার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শ্রমিক পক্ষ পরাজয়ের দায় স্বীকার করতে পারে সেখানে গ্লানি নেই। কিন্তু, শ্রমিক স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়ে সেটাকে অর্জন বলে প্রতিষ্ঠা করার চেষ্টা মালিকদের অপকৌশল কে আড়াল করার অপচেষ্টা কিনা সেই প্রশ্ন জাগতেই পারে। নেতৃবৃন্দ বলেন, আমরা স্মারকলিফি প্রদান করছি, ঘোষিত মজুরির গেজেট প্রকাশের পরে আমরা আপত্তি পত্রের মাধ্যমে আমাদেন বিকল্প প্রস্তাবনার বিন্তারিত তুলে ধরবো। নেতৃবৃন্দ, শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ফৌজদারী অপরাদে যুক্ত নয় এমন গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মজুরি আন্দোলনের কারণে কোন ধরণের চাকরি চ্যুতি বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল মজুরি বোর্ডে স্মারক লিপি প্রদান করেন।