ডেস্ক রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে দুর্নীতি ও শিক্ষা-বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন করায় ৩য় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে প্রথমে বহিষ্কার, তারপর হামলা এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক সাবেক আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নার্সিং কলেজের নামে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা-ব্যবসা চালিয়ে আসছেন। সর্বশেষ ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে ভুয়া ফি নিয়ে শিক্ষার্থীদের প্রায় ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করায় শিক্ষার্থীরা আন্দোলন করেন। এর জের ধরে অন্তুসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের একের পর এক নির্যাতন করা হচ্ছে।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জোট নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা-বাণিজ্য কত ভয়াবহ পর্যায়ে গেলে জহিরুল ইসলামের মতো শিক্ষা-ব্যবসায়ীরা শিক্ষার্থীদের উপর অবাধে নির্যাতন চালাতে পারে। পতিত আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে একের পর এক সাইনবোর্ডসর্বস্ব প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে জহিরুল ইসলামরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে আন্দোলন হলে তা দমনের জন্য সাইবার সুরক্ষা আইন ব্যবহার করা হচ্ছে। অতীতে নিবর্তনমূলক সাইবার আইনের মাধ্যমে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে । বর্তমানেও ক্ষমতাসীনদের মদদপুষ্ট হয়ে জহিরুল ইসলামের মতো মাফিয়ারা সেই ফ্যাসিবাদী কায়দায় প্রতিবাদ দমন করতে চাইছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে অন্তু বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, অন্তু বিশ্বাসের উপর হামলায় জড়িত জহিরুল ইসলামের গ্রেফতার এবং নার্সিং শিক্ষায় চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় নার্সিংসহ সব সেক্টরের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন-
১. সালমান সিদ্দিকী, সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট ও সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
২. ফাহিম আহমদ চৌধুরী, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
৩. তামজিদ হায়দার চঞ্চল, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
৪. শাহরিয়ার খন্দকার আলিফ, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী
৫. সমর চাকমা, সভাপতি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)
৬. নাঈম উদ্দীন, সহ-সভাপতি, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন