ডেস্ক রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নতুন করে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার বিশ্বাস, দেশটির জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করতে পারলে তেহরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব হতে পারে।
গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ একজন মার্কিন কর্মকর্তা ও অপর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রশাসনের একাংশ মনে করে—ওয়াশিংটন যেকোনো সময় ইরানের নেতৃত্বকে খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম, এমন বার্তা দিতে পারলে তেহরান যুদ্ধ থামাতে বাধ্য হবে।
দুটি সূত্র জানিয়েছে, এই বিকল্পটি দীর্ঘদিন ধরেই বিবেচনায় ছিল। তবে যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্যালোচনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিষয়টি আবারও জোরালোভাবে আলোচনায় এসেছে।
ইরান তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ তৈরি করছে, এমন খবর এবং ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক হামলার পরিকল্পনাসংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের পর এ আলোচনা গতি পেয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘ইরানে কী ঘটছে সে সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তাঁরা কী বলেন, তাঁরা কারা এবং কোথায় আছেন—সবই আমাদের জানা। আমরা সব খুঁজে বের করব এবং কোনোভাবেই এসব হতে দেব না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে ছেলে মোজতবা আলী খামেনি তাঁর স্থলাভিষিক্ত হন। বর্তমানে দেশটির জীবিত শীর্ষ নেতাদের মধ্যে মোজতবা ছাড়াও সামরিক ও নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
এই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমদ ওয়াহিদি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং চলতি বছরের আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হওয়া সাবেক আইআরজিসিপ্রধান মহসেন রেজাই।
তবে এনবিসি নিউজের প্রতিবেদনে এই নেতাদের কাউকেই সুনির্দিষ্ট নিশানা হিসেবে চিহ্নিত করা হয়নি।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা এ প্রস্তাবের বিরোধিতা করছেন, তাঁরা সতর্ক করে বলেছেন যে ইরানি নেতাদের নিশানা করা হলে মার্কিন কর্মকর্তারাও পাল্টা হামলার ঝুঁকিতে পড়বেন। এ ছাড়া এতে ইরানের বেঁচে থাকা নেতাদের মনোবল আরও দৃঢ় হতে পারে এবং নবম মাসে গড়ানো এ যুদ্ধ নিরসনে ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টাও ভেস্তে যেতে পারে।
এদিকে, ট্রাম্প প্রশাসন সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখার পাশাপাশি ইরানের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক সামরিক তৎপরতাকে কেন্দ্র করে কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক-গোয়েন্দা কর্মকর্তারা নিহত হন, যা এই দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করে।
বাবা নিহত হওয়ার সময় চালানো ওই হামলায় মোজতবাও আহত হন বলে জানা যায়। ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।
তবে মোজতবা খামেনি ইরানি নেতৃত্বের ওপর বড় ধরনের হামলা আবার শুরু না করার বিষয়ে ওয়াশিংটন ও জেরুজালেমকে সতর্ক করেছেন। খামেনির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে কখন এবং কোন শর্তে এ যুদ্ধ শেষ হবে, তা ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে।’
আবদুল্লাহি, হাতামি, ওয়াহিদিসহ ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকের পর মোজতবা খামেনি এ হুঁশিয়ারি দেন। এর আগে গত ৩১ অক্টোবর তিনি ভবিষ্যতের যেকোনো হুমকির বিরুদ্ধে ‘তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাহীন জবাব’ দেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মঙ্গলবার ফক্স নিউজের কাছে দাবি করেছেন, ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ (যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া) এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইতিহাসের বৃহত্তম নৌ-অবরোধ, “অপারেশন ইকোনমিক আউটকাস্ট” এবং নতুন “টাস্ক ফোর্স আয়রন গেট” পূর্ণ শক্তিতে চলবে। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে এবং তিনি সর্বোত্তম সিদ্ধান্তটিই নেবেন।’