ডেস্ক রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ২৪ আগষ্ট “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪.০৮.২০২১ ইং বিকাল ৫ টায় মালিনীছড়া চা-বাগানে এবং সন্ধ্যা ৭ টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাসমূহে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সদস্য কমরেড হৃদেশ মুদি, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সিলেট জেলার সংগঠক ইশরাত রাহি রিসতা, লক্ষ্মী পাল, মিতা সিং, মৌসুমী দত্ত তিনু, খাদিজা আক্তার আয়েশা, রেনু বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরের দশমাইলে ১৪ বছরের কিশোরী ইয়াসমিনকে কতিপয় পুলিশ সদস্য ধর্ষন করে এবং চলন্ত পুলিশ ভ্যান থেকে ফেলে দিয়ে হত্যা করে। বিচারের দাবীতে আন্দোলন করতে গিয়ে শহীদি আত্মদান করে আরো ৭জন মানুষ। ধর্ষক চার পুলিশ সদস্যের ফাঁসি হলেও আন্দোলনকারী ৭ জনের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার আজও হয়নি। আজও নারীরা ঘরে বাহিরে কর্মক্ষেত্রে নির্যাতিত, নিগৃহীত হচ্ছে প্রতিনিয়ত। নারী-শিশু নির্যাতন-ধর্ষন ও হত্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্পত্তিতে নারীর সমান অধিকার নেই। সিনেমা-নাটক-বিজ্ঞাপনে নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা এবং মোরাল পুলিশিং এর মাধ্যমে নারীদের হেনস্থা করা হচ্ছে। মৌলবাদী-ধর্মান্ধরা নারীদের ফতোয়া দিয়ে ঘরে আটকে রাখতে চায়। এসবই হয় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়। নেতৃবৃন্দ অবিলম্বে নারী-শিশু নির্যাতন-ধর্ষন ও হত্যা বন্ধে কার্যকর আইন প্রনয়ণ সহ ২৪ আগষ্ট কে “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করার দাবী জানান।