ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: অতি দ্রুততার সাথে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বি আর টি এ থেকে এই ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করার বিষয়ে আশ্বাস প্রদান করেছেন বি আর টি এ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বৃহস্পতিবার (১৬ জুন) ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ৬ দফা দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ)র কেন্দ্রীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক খালেকুজ্জামান লিপন। উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্ত্তী ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করার দাবিতে বি আর টি এ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেন।
বি আর টি এ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার অতি দ্রুততার সাথে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বি আর টি এ থেকে এই ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করার বিষয়ে আশ্বাস দেন।
বিভিন্ন এলাকায় বিভিন্ন গোষ্ঠী বা স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স দেয়ার আশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, বি আর টি এ ছাড়া অন্য কোন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স বা পারমিট দেয়ার ক্ষমতা রাখেনা। একইসাথে তিনি সড়কে শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত থ্রি হুইলার চালকদের সচেতন করতে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।