ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ৭:১২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ ৬ দফা দাবিতে ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য জিকে সাদিক, ঢাকা মহানগর সংসদের সদস্য প্রিতম ফকির, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য
শাওন বিশ্বাস।
ফয়েজউল্লাহ বলেন, ‘করোনার সময়ে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এর মাঝেই আমরা দেখতে পেয়েছি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের আয়োজন। আমরা বলেছি আমাদের দেশের সকল শিক্ষার্থী নেটওয়ার্ক কাভারেজে নাই, সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাস উপযোগী ডিভাইস নাই। আমরা সব সময় বলেছি শিক্ষার আর্থিক দায়ভার সরকারকে বহন করতে হবে। সরকার চাইলে শিক্ষক, শিক্ষার্থীদের জন্য করোনাকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারতেন। আমরা এ বছরের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ নানা দাবিতে আন্দোলন করছি। আজ প্রায় ৫৫০ দিন ধরে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বিশ্বের আর কোন দেশে এতদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল না। শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারি মাসে বলেছিলেন ৩ মাসের মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু সেই ৩ মাস পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয় নাই। কবে খুলে দেওয়া হবে তার কোন নিশ্চয়তা নাই। একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এদেশের শিক্ষার্থীরা।’
ফয়েজউল্লাহ আরও বলেন, ‘আমরা বলতে চাই শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। অবিলম্বে করোনার সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীরা যেন ঝরে না পরে, শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় এবং শিক্ষকদের বেতনাদির দায়ভার সরকার বহন করতে হবে। দ্রুত উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া আটকাতে শিক্ষাবৃত্তি ও রেশনিং এর ব্যবস্থা করতে হবে।
আমরা যে ৬ দফা দাবি জানিয়েছি সেটি আপামর ছাত্রসমাজেরই দাবি বলেই আমরা মনে করি। আমাদের দাবি মানা না হলে ছাত্রসমাজকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
ছাত্র ইউনিয়নের ৬ দফা দাবি :
১. শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে
২. করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করতে হবে
৩. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিং এর ব্যবস্থা করতে হবে
৪. অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে হবে
৫. সেশনজট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে
৬. সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা ও হেলথকার্ড নিশ্চিত করতে হবে