ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদ্য ১৬মার্চ বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে ও জেলা সদস্য মাসুদ রানা সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুমন আহমেদ, প্রিয়তা রুমা, আদি, অর্চিতা শর্মা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মৌলচেতনার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে। ফলে দেশে গণতন্ত্র নির্বাসিত হয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। দুর্নীতি ও অপশাসনের বিরোধী মত-পথ গায়ের জোরে দমন করা হচ্ছে। ফলে সমাজের সর্বত্র লুটপাটের ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছে। সেই সাথে পুঁজিবাদী সমাজের প্রবল ভোগবাদী অপসংস্কৃতির জোয়ার চলছে। সাম্প্রদায়িক অপশক্তির কাছে রাষ্ট্র নতজানু হওয়ায় দেশের সাহিত্য-সংস্কৃতির কলা চর্চার পরিবেশ মারাত্মক পর্যায়ে সংকুচিত হয়েছে।
বক্তারা বলেন, এমতাবস্থায় শোষণমূলক সমাজের পরিবর্তন ও অন্যায় জবরদস্তির স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন।সেই সাংস্কৃতিক জাগরণ ঘটানো এবং সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রামের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য চারণ সাংস্কৃতিক কেন্দ্র জন্মলগ্ন থেকেই অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনা সভায় বক্তারা এই সংগ্রামে সাংস্কৃতিক-রাজনৈতিক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।