ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২১, ১২:২১ পূর্বাহ্ণ

ছাত্র ইউনিয়নের উদ্যোগে রিকশা শ্রমিক ও ছাত্র-জনতার সমাবেশ

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২১ ১২:২১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে দেশব্যাপী রিকশা শ্রমিকদের নিপীড়নের প্রতিবাদে আজ ২৪ এপ্রিল, শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রিকশা শ্রমিক ও ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক জয়তি চক্রবর্তীর সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস বলেন, “এই অপরিকল্পিত লকডাউন করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার পরিবর্তে গরিবের পেটের ভাত মারার পায়তারা হিসেবে আরোপিত হয়েছে। এই লকডাউনের যাবতীয় বিধিনিষেধ শুধুমাত্র গরিবকে ঘরে আবদ্ধ করে রাখতে সচেষ্ট।

তিনি বলেন, গরিবের জন্য ঘরবন্দী হয়ে নিজের পরিবার-পরিজনকে ক্ষুধার জ্বালায় মরতে দেখার চেয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মরা সহজ। প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা দিন আনে দিন খায় তাদের খাবারের নিশ্চয়তা না দিয়ে মানুষকে ঘরবন্দী হতে বাধ্য করা অমানবিক স্বৈরাচারী আচরণ। আপনারা ভোটের অধিকার কেড়ে নিয়েছেন বহু আগেই, এখন আপনারা ভাতের অধিকার কাড়তে উদ্যত হয়েছেন। জনগণকে নিজের অধিকার আদায় করতে রাস্তায় নামতে বাধ্য করবেন না।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চল বলেন “ব্যবসায়ীশাসিত সরকার যতদিন এই অবৈধ রাষ্ট্রক্ষমতা জুড়ে বসে থাকবে ততদিন সাধারণ জনগণের উপর অত্যাচার ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে। আজ আমাদের কর্তব্য হল এই আওয়ামী-বাকশালী সরকারকে সবলে গদি থেকে উৎখাত করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা। অবিলম্বে রিকশা শ্রমিকদের উপর জুলুম নির্যাতন বন্ধ না হলে ছাত্র জনতা শ্রমিকদের নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাকিবুল রনি, ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার, ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি রফিকুজ্জামান ফরিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহসভাপতি সাইদুল হক নিশান এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির।

শেয়ার করুন