ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সমাবেশ

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিক্সা ব্যাটারি রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ই-রিক্সার জন্য প্রনীত নীতিমালার সংশোধন করে শ্রমিক বান্ধব নীতিমালা প্রনয়ন করার ৯ দফা দাবিতে আজ ১১ নভেম্বর সকাল ১০টায়সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

রিক্সা ব্যাটারি রিক্সা-ভ্যান,ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক ও বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা ২৩২৪) সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ,বরিশাল জেলার সমন্বয়ক, রিক্সা ব্যাটারি রিক্সা-ভ্যান,ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডঃ মনীষা চক্রবর্তী, সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন খুলনা ২৩২৪ উপদেষ্টা মহসিন মীর,শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, দপ্তর সম্পাদক আবদুল রাজ্জাক, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ, রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিষ্ট্রেশন খুলনা ২৩২৪) ২৫ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ আবদুল মানিক হাওলাদার, ৬ নং ওয়ার্ড সংগঠক মোঃ কামরুল হাসান, রিক্সা ব্যাটারি রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন, সংগঠক আইয়ুব আলী তালুকদার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আবু আল রায়হান ,পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৬৩ )এর সভাপতি জসিম গাজী।

বক্তারা বলেন , “ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রনয়ন ,রেজিস্ট্রেশন, লাইসেন্স ,রুট পারমিট চালু করাসহ ১০ দফা দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে রাজপথে সংগ্রাম পরিষদ ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে আসছে। বরিশালসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে গত ১৩ বছর আমরা হামলা-মামলাসহ নানা অত্যাচারের শিকার হয়েছি। অবশেষে গত ২৯শে অক্টোবর স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ব্যাটারিচালিত ই-রিক্সার জন্য একটি বিধিমালা প্রনয়ন করেছে। কিন্তু এই নীতিমালায় বর্তমানে বিদ্যমান ব্যাটারিচালিত যানবাহনকে লাইসেন্স দেয়া হবেনা বলে জানা যাচ্ছে। নীতিমালায় আদর্শ ডিজাইনের কথা বলা হলেও সেটা প্রকাশ করা হয়নি এবং আদর্শ ডিজাইনে রূপান্তরিত করতে কোন সময় নির্ধারিত করা হয়নি কিন্তু আদর্শ ডিজাইন না থাকলে সেই যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে।আবার ইতিমধ্যে অনেক কোম্পানি বুয়েট স্বীকৃত গাড়ি বিক্রির জন্য শো রুম খোলা শুরু করেছে। ই-রিক্সার এই বিধিমালার মধ্য বর্তমান গাড়ি উচ্ছেদ করে দিয়ে চালক-মালিকদের কিছু কোম্পানির হাতে জিম্মি হবার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসাথে নিবন্ধন ফি ১০ হাজার টাকা ধরা হয়েছে যা একটা বাসের নিবন্ধন ফি এর সমান। এই অযৌক্তিক নিবন্ধন ফি কমাতে হবে। বিধিমালায় চালকের লাইসেন্স দেয়ার কথা বলা নাই কিন্তু নিয়ম না মানলে চালকের শাস্তির ধারা বলা আছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আমরা চালকের লাইসেন্স দেয়ার জন্য ও গাড়ির ফিটনেস নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়ায় BRTA কে যুক্ত করার দাবি জানাই।

নেতৃবৃন্দ বর্তমান গাড়িগুলিকে ডিজাইন পরিবর্তনের জন্য বিধিমালায় কমপক্ষে ২ বছর সময় দেয়ার দাবি জানান। একইসাথে নেতৃবৃন্দ বিধিমালায় BRTAকে যুক্ত করে চালকদের লাইসেন্স দেয়া,নিবন্ধন ফি কমানো, মহাসড়কের পাশে সাইডলেন চালু করা, নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতি-দলীয়করণ মুক্ত করাসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি মেনে বিধিমালা সংশোধন করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে একটি প্রতিনিধি দল বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

শেয়ার করুন