ডেস্ক রিপোর্ট

২ নভেম্বর ২০২১, ৪:০৮ অপরাহ্ণ

‘মেঘদল’ ব্যান্ড এর নামে মামলা দেওয়ার নিন্দা জানিয়েছে চারণ

আপডেট টাইম : নভেম্বর ২, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রায় ১৫ বছর পূর্বে প্রকাশিত একটি গানকে কেন্দ্র করে ধর্মানুভূতিতে আঘাতের হুজুগ তুলে ব্যান্ড মেঘদল এর নামে মামলা করার অপচেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

আজ মঙ্গলবার, ০২ নভেম্বর সংবাদপত্রে প্রকাশের জন্য এক বিবৃতিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একদিকে ধর্মানুভূতিতে আঘাতের হুজুগ তুলে দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর পূজা ম-পে সাম্প্রদায়িক হামলা চালানো হল, অন্যদিকে তার প্রতিবাদে গান গাওয়ার জন্য ১৫ বছর আগের একটি গানের জন্য মেঘদল ব্যান্ডের সদস্যদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

তিনি বলেন, এছাড়াও বাউল রিতা দেওয়ান, শরীয়তবয়াতি সহ দেশের সকল সচেতন প্রতিবাদী শিল্পীদের ওপরও একই ধরণের নির্যাতন চালানো হচ্ছে। কখনও ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে, কখনও বা মানহানির মামলা দিয়ে, কখনও বা হুমকি ধামকি দিয়ে সকল কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার নিজেই দেশের শিল্পী, সাহিত্যিক, লেখকদের কণ্ঠ রোধ করতে চাইছে। এভাবেই একদিকে সমাজে জন্ম নিচ্ছে অগণতান্ত্রিক একটি মনন কাঠামো, অন্যদিকে সহজ হয়ে যাচ্ছে ফ্যাসিবাদী নিপীড়ন । সরকার বলছে তারা মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন ও একে একে সকল বাউল, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখকদেরকে গ্রেফতার করা, হেফাজতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা সহ সকল কর্মকান্ড এটাই প্রমাণ করছে যে তারা মৌলবাদের সাথে গাঁটছাড়া বেধেই এগিয়ে যাচ্ছে।

তিনি অবিলম্বে মেঘদল এর বিরুদ্ধে মামলা দেওয়ার অপচেষ্টায় বন্ধের দাবি জানান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে, মত প্রকাশের স্বাধীনতা ও শিল্পী সাহিত্যিকদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সকল সচেতন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সাংস্কৃতিক কর্মী, মানুষ ও সংগঠনসমূহকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

শেয়ার করুন