ডেস্ক রিপোর্ট
১ জানুয়ারি ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ১৯৭৩ সালের পহেলা জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে এক নির্মম হত্যাকান্ড অনুষ্ঠিত হয়। দীর্ঘ নয় মাসের লড়াই-সংগ্রামের পর যখন এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখছে ঠিক ঐ সময়ে ভিয়েতনামে সংগঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নির্মমতা এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে ভিয়েতনামের সাধারণ মানুষের দীর্ঘ লড়াইয়ের প্রতি সংহতি জ্ঞাপন করে বাংলাদেশে মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শান্তিপূর্ণ অহিংস সেই মিছিলে বিনা নোটিশে গুলি চালায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। সদ্য স্বাধীন দেশে আচমকা এধরণের রাষ্ট্রীয় নিপীড়ন থমকে দিয়েছিলো মুক্তিকামী মানুষের হৃদয়। পুলিশের গুলিতে সেদিন শহীদ হোন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম এবং মির্জা কাদের। অসংখ্য লড়াকু সহযোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়। সেই থেকে সারা বিশ্ব যখন ক্রিষ্টীয় নববর্ষের উদযাপনে মত্ত থাকে সেই পহেলা জানুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ভিয়েতনামবাসী গভীর শ্রদ্ধা এবং ভালবাসার সাথে স্মরণ করে মুক্তিকামী শহীদ সহযোদ্ধাদের।
আজ (১ জানুয়ারি, ২০২২) সিলেট শহরের সিটি পয়েন্টে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্বে এবং সদস্য মাশরুখ জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের নেতা হাসান বখত চৌধুরী কাওছার, যুগ্ম আহবায়ক সৈকত দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রান্তিক দীপম প্রমুখ।
বক্তারা বলেন, এদেশের মানুষ শোষণ-নিপীড়ন থেকে মুক্তির স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। সর্বস্ব বাজি রেখে দেশ থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠীকে তাড়ালেও সাম্রাজ্যবাদী কালো হাতের আগ্রাসন থেকে এদেশ এখনো মুক্ত হয়নি। এখনো এদেশের মানুষকে আগ্রাসী বিদেশী শক্তির হাতে জিম্মি করে রেখেছে শাসকগোষ্ঠী আমরা অবিলম্বে এই আগ্রাসন ও অপশাসনের অবসান চাই।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ বলেন,স্বাধীন বাংলাদেশে এই পৃথিবীর মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলতে গিয়ে শোষকের গুলিতে প্রাণ দিতে হয়েছে আমাদের সহযোদ্ধাদের। এই স্বাধীনতা আমরা চাই নাই, এদেশের সাধারণ মানুষ চায় নাই। আমাদের দেশের অর্থনীতি, আমাদের রাষ্ট্রীয় সম্পদকে সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যারা এখনো অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তারাই বিদেশী সাম্রাজ্যবাদী শক্তির কাছে বন্ধক দিয়ে রেখেছে। সাম্রাজ্যবাদের কাছে আজও আমরা জিম্মি। এই অপশাসনের অবসান এদেশের মানুষ লড়াইয়ের ময়দানেই ঘটাবে।”
পরবর্তীতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে স্বাধীন বাংলাদেশে পুলিশের গুলিতে প্রথম শহীদ সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।