ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২২, ১১:০৫ অপরাহ্ণ

হলে রাজনৈতিক দখলদারিত্ব বন্ধে শিক্ষার্থীদের আলটিমেটাম

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হলে সিট-বাণিজ্য এবং রাজনৈতিক দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বাম ছাত্রজোটগুলো। চলতি মাসের মধ্যে হলের সিট দখল বন্ধে প্রশাসন ব্যর্থ হলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম দেওয়া হয়।

‘রাকসু আন্দোলন মঞ্চ’ আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়ে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- হলের সিট দখলে জড়িত ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল করা, হলগুলোতে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব বন্ধ করা এবং নিয়মিত হল সংসদ চালু করা, বৈধ প্রক্রিয়ায় সিট বরাদ্দ দেওয়াসহ নিরাপদ পরিবেশে হলে অবস্থানের সুব্যবস্থা নিশ্চিতকরণ, হল প্রাধ্যক্ষদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।

এ সময় লিখিত বক্তব্যে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, হলগুলোতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। বৈধভাবে হলে সিট পাওয়া শিক্ষার্থীদের অধিকার হলেও প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, করোনার সময়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি হলে প্রায় দেড় হাজার সিট শূন্য হয়েছে, যার মধ্যে এক হাজার ১০০টির বেশি সিটে হলভেদে ৫-১০ হাজার টাকার বিনিময়ে অন্য শিক্ষার্থীদের উঠিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া এবং আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দেওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান, রাবি শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

শেয়ার করুন