ডেস্ক রিপোর্ট
৭ জুন ২০২২, ৯:১৭ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সীতাকুণ্ডে ভয়াবহ রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়সহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সিলেটে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নগর সভাপতি বিশ্বজিত শীলের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলার সদস্য মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, সিলেট জেলার আহবায়ক মনীষা ওয়াহিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক তানজিনা বেগম, শাবিপ্রবির সংগঠক সাত্ত্বিক বন্দোপাধ্যায় প্রমুখ।
বক্তারা বলেন, “মানুষ পুড়িয়ে মারা এই দেশে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা বিভিন্ন কলকারখানায় মালিকপক্ষের অবহেলা এবং গাফিলতির শিকার হয়ে মানুষকে পুড়ে মরতে দেখেছি। এটাকে নিছক দূর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া মালিকপক্ষের লোক যখন আওয়ামীলীগ নেতা, তখন যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের হামলাও নতুন কোনো ঘটনা নয়। আমরা এই সন্ত্রাসী হামলা এবং রাষ্ট্রীয় হত্যাকান্ডের বিচার চাই।”
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার অন্যতম নেতা মহিতোষ দেব মলয়।