ডেস্ক রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আজ সন্ধ্যায় গাইবান্ধা শহরে হরতাল সফল করার আহ্বানে বামজোটের মশাল মিছিল চলাকালীন সময়ে পুলিশ বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ওয়ারেস মন্ডলকে গ্রেফতার করে। পুলিশী হামলায় এসময় ১০ জনেরও অধিক নেতাকমীর্ আহত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, “ হরতাল আন্দোলনের ভাষা এবং এটি একটি গণতান্ত্রিক অধিকার। বামজোট সারাদেশে শান্তিপূর্ণভাবেই অসহনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আহুত হরতালের প্রচার চালিয়েছে। কিন্তু পুলিশ এবং আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় সন্ত্রসীরা সারা দেশে বাম জোটের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করেছে, প্রচার কাজে বাধা দিয়েছে।”
তিনি দেশের আপামর জনসাধারণকে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে আগামীকালের হরতাল সফল করার জন্য আহ্বান জানান।