ডেস্ক রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সারাদেশে অব্যাহত সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ,গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এর সভাপতিত্বে ও সিপিবি জেলা নেতা মাশরুখ জলিলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন ও জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি,বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুমিত রঞ্জন দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিদন দাস, জাতীয় যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন সুমন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ও ২০২৬ সালের নির্বাচনের পর দেশ আগের যে-কোনো সময়ের চেয়ে ভয়াবহ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকটে পড়েছে। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জানমালের নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশুনির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙেছে। অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারও ৪৪টি শিল্পকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে তুলে দিচ্ছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর পরও পুঁজিবাদী দুঃশাসন, শোষণ ও নিপীড়নে দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। সাম্রাজ্যবাদী আগ্রাসন আগের যে-কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপ নিয়েছে।
বক্তারা সন্ত্রাস-নৈরাজ্য-সাম্প্রদায়িক নীপিড়ন রুখে দাঁড়ানোর জনগণের প্রতি আহ্বান জানান।