ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ

ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন: নান্নু

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২১ ১২:৩০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু আজ ৫ নভেম্বর ২০২১ বিবৃতিতে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে সেচ খরচ বাড়বে, ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহনে যাত্রী ভাড়া ও পণ্য পরিবহন ব্যয় বাড়বে। এলপিজির দাম বৃদ্ধিতে পরিবহন ও গৃহস্থালীতে, হোটেল রেস্টুরেন্টে রান্নার ব্যয় বাড়বে। ফলে ক্ষতিগ্রস্ত হবে নিম্নবিত্ত-মধ্যবিত্তসহ সাধারণ জনগণ।

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এমতাবস্থায় ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজির দাম বাড়ানো হয়েছে ৫৪ টাকা। এটা মরার উপর খাড়ার ঘা হিসেবে জনগণের জীবন যাত্রাকে বিপন্ন করে তুলবে।

বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে মূল্য সমন্বয়ের নামে ডিজেল-কেরোসিন ও এলপিজি’র দাম বাড়ানোর কথা বলছে সরকার অথচ যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে তখন মূল্য সমন্বয় করে দাম কমানো হয় না। বরং সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মুনাফা করেন।

বিবৃতিতে তিনি অবিলম্বে ডিজেল-কেরোসিন ও এলপিজি’র বর্ধিত মূল্য প্রত্যহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জোর দাবি জানান।

শেয়ার করুন