ডেস্ক রিপোর্ট
৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বর্তমান সংসদ ভেঙে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সরকার সবার অংশগ্রহণে নির্বাচনের পথে না হেঁটে, একতরফা নির্বাচনের পথে হাঁটছে, যা ২০১৪ ও ১৮ এর ধারায় নতুন ধরনের প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এই প্রহসনের নির্বাচনকে সামনে রেখে ছড়িয়ে পড়া সংঘাত-সংঘর্ষ ও দমন-পীড়ন জনমনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট গভীর হবে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সংসদ ভেঙে ৭ জানুয়ারি একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান নেতারা। এ সময় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।