ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ৯:১০ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখা’র উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে ১ মিনিট দাঁড়িয়ে নিবরতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিপিবি কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় কমিটির আহবায়ক এস এ রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা নেতা আব্দুল করিম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সুতপা বেদজ্ঞ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শেখ শহিদুল হক, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়ন জেলা নেতা তনিম আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের এই দিনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবীতে এবং উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গড়ে উঠেছিল আন্দোলন। আন্দোলনটি গণবিস্ফোরণে রূপ নেয়। এশিয়া এনার্জি কোম্পানীর কয়লা প্রকল্পের বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর-পার্বতীপুর-নবাবগঞ্জসহ উত্তরবঙ্গের স্থানীয় মানুষ ইতিহাস তৈরি করেছিলেন। স্থানীয় বিক্ষুব্ধ মানুষের তাক লাগানো ঢলে ভীত হয়ে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) গুলিতে প্রাণ কেড়ে নেয় আল আমিন, সালেকিন ও তরিকুলের।
নেতৃবৃন্দ আরও বলেন, ফুলবাড়ী গণ-আন্দোলন দেশ ও দেশের সম্পদের উপর লুটেরাদের থাবা মুষড়ে দিয়েছিল। তাঁদের বার্তা এখনও ধরে আছেন মানুষেরা এ দেশের সম্পদ, এ দেশের মানুষের। দেশী-বিদেশী লুটেরাদের স্বার্থে নয়, দেশ ও জনগণের স্বার্থে তার শতভাগ ব্যবহার করতে হবে। ১৫ বছর পূর্বে যে ৬ দফা চুক্তি হয়েছিল, সরকার এখনও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেনি।
তাই অবিলম্বে ৬ দফা চুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের জোর দাবী করেন নেতৃবৃন্দ।