ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ছিন্নমূল, শারীরিক মানসিক প্রতিবন্ধী ও কর্মহীন মানুষদের জন্য একবেলা খাবারের কর্মসূচি হিসাবে নারায়ণগঞ্জ বাসদের কমিউনিটি কিচেন এর কার্যক্রম ৪ র্থ ধাপে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) দুপুর ২ টায় চালু হয়েছে।
‘কমিউনিটি কিচেন’ এর খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, শ্রমিক নেতা তাজুল ইসলাম।
রফিউর রাব্বী বলেন, করোনা অতিমারি ভরাবহ রূপ নিয়েছে। বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্ট এর কারণে সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। করোনা প্রতিরোধে কঠোরতম লকডাউন চলছে। কিন্তু এই কঠোর লকডাউনে সবচেয়ে বিপদে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষরা। করোনাকালীন পরিস্থিতিতে ৭০ ভাগ মানুষের আয় কমেছে। মধ্যবিত্ত মানুষের অনেকে নিম্নবিত্তে রূপান্তরিত হয়েছে। সরকারের উচিত ছিল সবার জন্য খাবার ও নগদ অর্থের ব্যবস্থা করে লকডাউন ঘোষণা করা। কিন্তু সরকার তা করেনি। যা কিছু ত্রাণ সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে তা খুবই অপ্রতুল। শহরের ছিন্নমূল মানসিক-শারীরিক প্রতিবন্ধী মানুষেরা এই সরকারি ত্রাণের আওতার বাহিরে। বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছিন্নমূলদের একবেলা খাবারের উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে।
নিখিল দাস বলেন, আমরা আজকে ৪র্থ ধাপে কমিউনিটি কিচেন চালু করেছি। আমাদের দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের অনুদানে এবং দলের কর্মীদের তত্তাবধানে বাজার, রান্নাসহ বিতরণ পর্যন্ত সম্পূর্ণ কার্যটি সম্পন্ন হয়। তিনি এক্ষেত্রে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।