ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২১, ২:০৫ অপরাহ্ণ

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ফরিদপুরে ছাত্র ইউনিয়ন নেতার উপর হামলার নিন্দা

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২, ২০২১ ২:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ফরিদপুরের অম্বিকা হলের পুকুর পাড় এলাকায় ১২ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শীতাংশু ভৌমিক অঙ্কুরের উপর হামলা চালিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী। এই ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা ছাত্রনেতা শীতাংশু ভৌমিক অঙ্কুর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শ ধারণ করেন বলেই একজন নারীকে লাঞ্চিত হতে দেখে চুপ থাকেননি। ছাত্রনেতা অঙ্কুর ইভ টিজার ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত্ত করতে চেয়েছিলেন। কিন্তু ক্ষমতার দাপটে অন্ধ বখাটেরা শীতাংশু ভৌমিক অঙ্কুরের কথা না শুনে উল্টো তাঁর উপর হামলে পড়ে। এই ঘটনা প্রকৃতপক্ষে সমগ্র দেশের বর্তমান চিত্রকে প্রতিফলিত করে।

নেতৃবৃন্দ বলেন, সরকার একদিকে নারীর ক্ষমতায়নের কথা বলে আর অন্যদিকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, ইভ টিজিংয়ের মত ঘটনা একের পর ঘটিয়ে চলেছে। প্রতিবাদ করতে গেলে বখাটেদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ছাত্র ইউনিয়ন নেতা শীতাংশু ভৌমিক অঙ্কুরের উপর হামলার ঘটনা আমাদের অবাক করেনি, করেছে ক্ষুব্ধ। আমরা এই হামলার বিচার চাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুততম সময়ের মধ্যে ইভটিজিং ও ছাত্রনেতা অঙ্কুরকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করবার।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সারাদেশের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ইভটিজিং, ধর্ষণ ও নারীর উপর যেকোন ধরণের নিপীড়ন, নির্যাতন বন্ধে ছাত্র ইউনিয়নের লড়াকু সৈনিকদের এগিয়ে আসতে হবে। যত বাধাই আসুক, যত হামলা-মামলাই আসুক না কেন, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করলে শক্তি সঞ্চয় করে পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত হতে হবে।

 

শেয়ার করুন