ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২২, ৯:৪৮ অপরাহ্ণ

কোন পদ্ধতিতে নির্বাচন, সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: সিইসি

আপডেট টাইম : জুন ২৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইভিএম নিয়ে পক্ষে এবং বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোন পদ্ধতিতে নির্বাচন করব, সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ইভিএমের কারিগরি দিক যাচাই এবং আগামী সংসদ নির্বাচনে যন্ত্রটির ব্যবহার নিয়ে মতবিনিময়কালে সিইসি এ কথা জানান।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত ১৩টি দলের মধ্যে অংশ নেয় ১০টি।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, কিছুদিন পর থেকেই ইভিএম নিয়ে কথাবার্তা পত্রপত্রিকায় চাউর হয়েছিল। এর পক্ষে এবং বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই ইভিএম সম্পর্কে সেরকম ধারণা ছিল না। আমার ব্যক্তিগত ধারণাও ছিল না। আমরা ইতোমধ্যেই ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন আমাদের মোটামুটি ধারণা আছে।’

এর আগের দুটি সংলাপে অনেকেই ইভিএমের পক্ষে বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘আরও উন্নত প্রযুক্তির ইভিএম হলে ভালো হয়। আবার অনেকে সরাসরি বলেছেন ইভিএমে নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। কোন পদ্ধতিতে নির্বাচন করব, সেটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

সিইসি বলেন, ‘বড় বড় দলের অনেকেই এসেছে। আলোচনাটা ইভিএমেরই মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইভিএমের পক্ষে-বিপক্ষে বলতে পারেন। সবার আলোচনা শুনে পরবর্তীতে ‘বস্তুনিষ্ঠ’ সিদ্ধান্তে উপনীত হবে কমিশন।’

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রতিনিধি। গণফোরামের প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন, যাদের আমন্ত্রণ ছিল ২১ জুন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আমন্ত্রণ পেয়েও আসেনি।

গত ১৯ ও ২১ জুন দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম যাচাই বিষয়ক সভা করেছে ইসি। এই দুই ধাপে ১৮টি দল উপস্থিত থাকলেও সাড়া দেয়নি বিএনপিসহ আটটি দল। মঙ্গলবার এ ইস্যুতে তৃতীয় বা সবশেষ সভা করছে ইসি।

শেয়ার করুন