ডেস্ক রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সপ্তাহে ৬ দিন ক্লাসসহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট । সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার শনিবার, ১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই দাবি জানান।
আজ বিভিন্ন সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ‘২১ ফেব্রুয়ারীর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে’ বলে মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- করোনা সংক্রমণ বাড়ার অজুহাতে গত ২১ জানুয়ারি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। যদিও বাণিজ্যমেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ দেশের অন্য সকল কাজ স্বাভাবিক চলছিল। সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ দেশের সচেতন মানুষ সোচ্চার ছিল। সে প্রেক্ষিতেই আজ মন্ত্রীরা এই ঘোষণা দিলেন। অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা প্রজ্ঞাপন জারি করা হোক।
কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি লকডাউন পরবর্তী সময়ে স্কুল-কলেজে সপ্তাহে ১/২ দিন করে ক্লাস চলছিল। এভাবে ক্লাসের মাধ্যমে গত দুই বছরের ক্ষতি পূরণ করা সম্ভব নয়। বরং গত দুই বছরে শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস নেয়া প্রয়োজন।’
নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সপ্তাহে ৬ দিন ক্লাস চালুর দাবি জানান।