ডেস্ক রিপোর্ট

২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল

আপডেট টাইম : নভেম্বর ২১, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে আজ ২০ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা লালদিঘি জেলা পরিষদ মার্কেট চত্বরে বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ।

বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য স.ম ইউনুস, রিকশা ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা সদস্য সচিব মো মনির, ২৪ নং ওয়ার্ডের সভাপতি মো মারুফ হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসিম।

সমাবেশে বক্তারা বলেন, ২৪-জুলাই গণ-অভ্যুত্থান ও ২০২৬ সালের নির্বাচনের পর দেশ আগের যে-কোনো সময়ের চেয়ে ভয়াবহ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকটে পড়েছে। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জানমালের নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশুনির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙেছে। অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারও ৪৪টি শিল্পকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে তুলে দিচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের দেশের মানুষ বর্তমান সময়ে একদিকে পুঁজিবাদী দুঃশাসন, শোষণ ও নিপীড়নে মানুষের জীবন ওষ্ঠাগত।

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন আগের যে-কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপ নিয়েছে। শ্রমিকরা নূন্যতম মজুরি কাটামো ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমাদের দল শ্রমিকদের নূন্যতম মজুরি ৩৭ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। শেখ হাসিনা দিল্লির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। ২৪’জুলাই অভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকার ও বর্তমান বিএনপি সরকার ‘দিল্লি না, ঢাকা’ স্লোগান তুলে ওয়াশিংটনের কাছে দেশ বন্ধক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এক সাম্রাজ্যবাদের কবল থেকে দেশ আজ আরেক সাম্রাজ্যবাদের কবলে।

ড. ইউনুসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি করে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে গেছে, বিএনপি সরকার তা বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানির দাম বাড়ছে, জ্বালানি-নিরাপত্তা হুমকিতে পড়েছে।

বিএনপি সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ ও জ্বালানির দাম দফায় দফায় বাড়াচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। শেখ হাসিনা পতেঙ্গা টার্মিনাল, ড. ইউনুস লালদিয়া ও পানগাঁও টার্মিনাল এবং বর্তমানে বিএনপি সরকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছে। এর প্রতিবাদে বাসদসহ বামপন্থি দলগুলো ও বন্দর শ্রমিকেরা আন্দোলন করলেও, পার্লামেন্টের তথাকথিত বিরোধী দল জামায়াত-এনসিপি প্রতিবাদ না করে নীরব থেকে এই লুটপাটকে সমর্থন করছে। সারা দেশে ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহন এবং এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ৩ কোটি মানুষের এই খাত নিয়ে প্রথমবারের মত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার কর্তৃক বিধিমালা প্রনয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা অভিজ্ঞতার প্রেক্ষিতে লক্ষ্য করেছি যে, প্রণীত বিধিমালার বেশ কিছু ইতিবাচক দিক যেমন আছে তেমনি বেশ কিছু নেতিবাচক দিকও আছে যা সংশোধন, পরিবর্তন ও স্পষ্টীকরণ না করলে এই বিধিমালা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে আশঙ্কা এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই বিষয়ে রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ৯দফা দাবিকে বিবেচনাই নিয়ে এই সেক্টরের অতি দ্রুত সমাধান প্রয়োজন।

সমাবেশের আগে নিউমার্কেট মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল সমাবেশস্থলে হাজির হয়।

শেয়ার করুন