ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২১, ৫:২৭ অপরাহ্ণ

কক্সবাজারে পর্যটক নারী গণধর্ষণের বিচার ও শাস্তির দাবি

আপডেট টাইম : ডিসেম্বর ২৫, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

মাগুরা প্রতিনিধি:: কক্সবাজারে পর্যটক নারী গণধর্ষণের বিচার ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

আজ শনিবার, ২৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যেগে চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়, সংগঠক মোঃ সোহেল মুন্সী ।

নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ভুক্তভোগীর স্বামী বলেন, ‘২২ ডিসেম্বর সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্ত্রী ও আট মাসের সন্তানকে নিয়ে তিনি কক্সবাজার বেড়াতে আসেন। বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। বালুচর দিয়ে হেঁটে পানির দিকে নামার সময় এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় তাঁর স্ত্রীকে সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একটি ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে তিনজন তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। তারপর একটি রিসোর্টে নিয়ে স্ত্রীকে আটকে রাখা হয়। পরে দুর্বৃত্তরা কক্ষের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এসব ঘটনা যেন কাউকে না জানানো হয়, সে নিয়ে ভয়ভীতিও দেখানো হয়।’

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই হচ্ছে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে নারীর নিরাপত্তার অবস্থা! পত্রিকায় প্রকাশিত খবরে প্রকাশ ধর্ষণের শিকার নারীর অভিযোগ অনুযায়ী ৯৯৯ এ ফোন করলে পুলিশ ধর্ষিতা নারীকে উদ্ধারে বা সাহায্যে এগিয়ে আসেনি, স্পটে যায়নি। পুলিশ ধর্ষণ মামলা নিতে রাজি হয়নি, থানায় গিয়ে জিডি করতে বলছেন।

নেতৃবৃন্দ ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান; সাথে সাথে দায়িত্বে অবহেলাকারী পুলিশ অফিসারদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে মাদক, ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজির কারণে দিন দিন আন্তর্জাতিক মানের এই পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে । কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষ কখনোই এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি; অনেক ক্ষেত্রে বিশেষভাবে মাদক ব্যবসার ক্ষেত্রে প্রশাসনের সংশ্লিষ্টতার খবরও পাওয়া যায়। কোন ক্ষেত্রেই কোন কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় কক্সবাজারে নিরাপত্তা পরিস্থিতির ক্রমেই আরও অবনতি হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে কক্সবাজারে নারীকে গণধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন