ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট ওসমানী মেডিকেল কলেজে কেন্দ্রীয় অস্কিজেন সরবরাহ নিশ্চিত করে মেডিকেলে নতুন করোনা ইউনিট দ্রুত চালু করা, ডিসেম্বর এর মধ্যে প্রাপ্ত বয়স্ক সকল মানুষকে টিকা প্রদান করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই সি ইউ বেড নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়া, সকল শ্রমজীবী মানুষকে নগদ অর্থ সহায়তা ও রেশন প্রদানের দাবিতে সিলেটে বাসদ(মার্কসবাদী)’র মিছিল।
আজ আজ বুধবার, ১৮ আগস্ট বিকাল ৪ টায় জিন্দাবাজার দলীয় কার্যালয় থেকে বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নগর ভবন পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, রেজাউর রহমান রানা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণের আজ ১৭ মাস অতিবাহিত হচ্ছে দ্বিতীয় ঢেউ চলছে, অথচ এ দীর্ঘ সময়েও সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত করতে পারলনা সরকারের দলীয় সাংসদের স্বাস্থ্য বিষয়ক কমিটি তাদের রিপোর্টে বলছে ব্যর্থতার কথা অথচ স্বাস্থ্য মন্ত্রী বহাল তবিয়তে আছেন।দূর্নীতির তালিকা দীর্ঘ হচ্ছে, জনগণ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সুবিধা থেকে।সংক্রমিত মানুষের সংখ্যা ও মৃতের সংখ্যা প্রতিদিন বাড়ছে, পর্যাপ্ত টেস্ট করানো হচ্ছে না। ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে এ ঘোষণার পর টিকা নিয়ে যে অব্যবস্থাপনা, হয়রানি মানুষ প্রত্যক্ষ করল এতে পরিষ্কার সরকারের কোন রোড ম্যাপ নেই। কবে টিকা আসবে, কিভাবে আসবে তার কোন সুষ্পষ্ট ব্যখ্যা নেই।
নেতৃবৃন্দ বলেন, লকডাউনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, শ্রমজীবী মানুষের কোন দায়িত্ব সরকার নিচ্ছে না। সব কিছু খুলে দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন পরিকল্পনা নেই, শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজের ৪৫০ বেডের ( ৫৬ টি আই সি ইউ সহ) নতুন করোনা ইউনিট দীর্ঘদিন প্রস্তুত থাকলেও শুধুমাত্র কেন্দ্রীয় অস্কিজেন সরবরাহ নিশ্চিত না করার কারণে চালু করা হচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে ওসমানী মেডিকেল কলেজের নতুন করোনা ইউনিট চালুর দাবি ও ডিসেম্বর মাসের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকল মানুষকে টিকা প্রদান নিশ্চিত করার জোর দাবি জানান।