ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২২, ১:০৬ পূর্বাহ্ণ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাবি প্রক্টরিয়াল টিমের হামলার নিন্দা

আপডেট টাইম : মার্চ ২২, ২০২২ ১:০৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাবি প্রক্টরিয়াল টিমের সন্ত্রাসী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে অান্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে ঢাবি প্রক্টরিয়াল টিম৷ আজ বিকাল ৫ টায় সিনেট ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। তারপর প্রক্টরের নির্দেশে অান্দোলনের নেতা মহিদুল ইসলাম দাউদ, মাহমুদ হাসান, তুষার, তানজিদসহ ৮ জন আহত শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু । জনগণের অর্থে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার নামে প্রশাসনিক সন্ত্রাস কায়েম করেছে প্রক্টরিয়াল টিম৷ ছাত্রদের একটি ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম নির্লজ্জতা ও অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট মনোভাবের প্রকাশ৷

নেতৃবৃন্দ বলেন, গোটা দেশে বৈষম্যমূলক শিক্ষা কাঠামোতে স্বাভাবিকভাবেই ছাত্রের তুলনায় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অপ্রতুল৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুরাহা না করে সেকেন্ড টাইম বাতিলের মাধ্যমে কার্যত একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকারকেই সংকুচিত করছে৷ এর বিরুদ্ধে ছাত্ররা যখন আন্দোলনে নামছে তখন নূন্যতম গণতান্ত্রিক মূল্যবোধ ভুলে ছাত্রদের উপর নির্লজ্জ আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম৷ হামলা পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সদস্য মহিদুল ইসলাম দাউদসহ ৮ ছাত্রকে আটক রেখেছে শাহবাগ থানা পুলিশ।
বিবৃতিতে অবিলম্বে আন্দোলনরত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও ছাত্রদের সেকেন্ড টাইমের দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়৷ অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সমস্ত প্রান্তে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন