ডেস্ক রিপোর্ট

৮ আগস্ট ২০২১, ১১:৫০ অপরাহ্ণ

খুলনায় মন্দির ভাঙচুরসহ সাম্প্রদায়িক হামলায় সিপিবির ধিক্কার

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বেশ কিছু দোকানপাট ও বসতবাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে আমরা পদার্পন করেছি। কিন্তু দেশ চলছে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারার বিপরীত পথ ধরে। রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক অপশক্তির ‘পরামর্শ’ মেনে চলছে। সাম্প্রদায়িক অপশক্তিকে নিষিদ্ধ না করে, সরকার নিজের স্বার্থে কাজে লাগাতে চাইছে। সর্বত্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়া হচ্ছে। সব মিলিয়ে দেশ আজ ভয়াবহ বিপদের মুখোমুখি।

সিপিবির নেতৃবৃন্দ আরো বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চলেছে। কিন্তু হামলার যথাযথ বিচার হচ্ছে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, সরকার এখন ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। দেশ ও মানুষ বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সকল সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ দেশকে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারায় অগ্রসর করার লক্ষ্যে, সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের তোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে, বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন