ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২১, ৮:১৬ অপরাহ্ণ

সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বর্তমান ধারায় সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া আইন করে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।’

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশন।

সভাপতির বক্তব্যে সাইফুল হক আরও বলেন, ‘গণআন্দোলন-গণসংগ্রামের অভিমুখে রাজপথে সরকারকে পিছু হটাতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারসহ কিছুই অর্জন করা যাবে না।’

সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

তিনি ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলসমূহের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ ধারায় রাজপথে বিরোধী রাজনৈতিক দলসমূহের কার্যকরি আন্দোলন গড়ে তোলারও ডাক দেন। তিনি দেশের বাম প্রগতিশীল শক্তিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আরও বলিষ্ঠভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অধিবেশন পরিচালনা করেছেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান। এতে আরও বক্তব্য রেখেছেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, সিকদার হারুন মাহমুদ, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, জুই চাকমা, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

শেয়ার করুন