ডেস্ক রিপোর্ট
৬ আগস্ট ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :: শ্বাসকষ্টের রোগীদের বেসরকারীভাবে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার উদ্দেশ্যে বানিয়াচংয়ে “হ্যালো অক্সিজেন” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৬ আগস্ট বিকেলে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ কেয়ার প্রোভাইডার দেলোয়ার হোসাইন নিশাতের সভাপতিত্বে ও বাসদ নেতা সাংবাদিক তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় এবং শেখের মহল্লা নূরে মদীনা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুকাররম হোসাইন ইমদাদীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. শফিকুর রহমান ঠাকুর, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নকীব ফজলে রকিব মাখন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক মহসিন আহমেদ তালুকদার, “হ্যালো অক্সিজেন” এর টিম সাপোর্টার সৈয়দ মাসুদ রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরীফখানী গ্রামের আশরাফুল করীম মিলন প্রমূখ।
জনগনকে বিনামূল্যে টিকার রেজিষ্ট্রেশন করে দেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী অনুষ্ঠানে “হ্যালো অক্সিজেন” সার্ভিস টিমকে কম্পিউটারের একটি প্রিন্টার মেশিন উপহার দেন। এছাড়া “হ্যালো অক্সিজেন” এর সার্বিক কার্যক্রম জোরদারের জন্য সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল পনের হাজার টাকা অনুদান দেন এবং সাবেক ছাত্রনেতা নকীব ফজলে রকিব মাখন আরও পাঁচ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ সকল অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্যে বানিয়াচং উপজেলার পনেরটি ইউনিয়নের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ “হ্যালো অক্সিজেন” টিমকে সবসময় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, বানিয়াচংয়ের কৃতিসন্তান অবসরপ্রাপ্ত উপ-সচিব শেখ ফজলে এলাহী বাচ্চু, কবি তাহমিনা বেগম গিনি, ইংল্যান্ড প্রবাসী আবুল কালাম আজাদ ও বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের অর্থায়নে তিনটি অক্সিজেন সিলিন্ডারসহ আনুষাঙ্গিক উপকরণ কিনে বানিয়াচং উপজেলার পনেরটি ইউনিয়নে শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে মানবিক সেবা কার্যক্রম “হ্যালো অক্সিজেন” চালু করেন এলাকার একদল স্বেচ্ছাসেবী।
এই কার্যক্রমের টিম লিডারের দায়িত্বে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ কেয়ার প্রোভাইডার দেলোয়ার হোসাইন নিশাত, টিম ম্যানেজার তৌহিদুর রহমান পলাশ, টিম সাপোর্টার সৈয়দ মাসুদ রানা ও টিম ভলান্টিয়ার আখলিছুর রহমান সাগর।
এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে “হ্যালো অক্সিজেন” ফেসবুক গ্রুপে ইতিমধ্যে দুই হাজার মানুষ সংযুক্ত হয়েছেন। যেকেউ অক্সিজেন সেবা নেয়ার জন্য “হ্যালো অক্সিজেন” এর হেল্প লাইন ০১৭১২৩০২৯১২ নাম্বারে যোগাযোগ করার জন্য টিম লিডারসহ এরসাথে সংশ্লিষ্টরা অনুরোধে জানিয়েছেন।