ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২১, ৯:২১ অপরাহ্ণ

চা শ্রমিক সংঘ’র নেতার উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

আপডেট টাইম : মে ৩১, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন মৌলভীবাজারের আলীনগর চা-বাগানের ফাঁড়ি সুনছড়া চা-বাগানে গত ২৮ মে রাতে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালিয়ে চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা ও চা-শ্রমিক যুব-সংঘের সাধারণ সম্পাদক স্বপন নায়েককে গুরুতর আহত করাসহ হরিনারায়ন হাজরার বাড়ি ভাংচুর এবং ৭ টি গরু, ৫ টি ছাগল, দোকানের ক্যাশ ও একটি দানবাক্স লুট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ৩১ মে সোমবার বিকেল ৫টায় সিলেট কীনব্রিজ পয়েন্ট সংলগ্ন জালালাবাদ পার্কের গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি ও সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি একে আজাদ সরকার।

সংগঠনের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ্য মহিদুল ইসলাম, শ্রমিকনেতা সুনু মিয়া সাগর, মোঃ সাহাবউদ্দিন মিয়া, বদরুল আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বাগানের বস্তিসংলগ্ন ১০ নং সেকশনের কাঁচাপাতা চুরির সংবাদ শ্রমিকরা কর্তৃপক্ষকে জানালে কাঁচাপাতা চুরির সাথে জড়িতরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কর্তৃপক্ষের উস্কানিতে সন্ত্রাসীরা অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকনেতাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় হামলা এবং ঘর-বাড়ি ভাংচুর এবং লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত শ্রমিকরা যাতে চিকিৎসা নিতে না পারে এজন্য সন্ত্রাসীরা বাগান থেকে বের হওয়ার রাস্তা সশস্ত্র পাহারা বসায়। বাগান কর্তৃপক্ষের কোনো সাহায্য-সহায়তা না পেয়ে অসহায় শ্রমিকরা পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। গভীর রাতে পুলিশের সহযোগিতায় আহত শ্রমিকরা কমলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। মারত্মক আহত হরিনারায়ন হাজরার মাথায় ৬ টি সেলাই ও স্বপন নায়েকের মাথায় ১ টি সেলাই লাগে।

বক্তাভা আরো বলেন, বাগানের শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব বাগান কর্তৃপক্ষের, কিন্তু বাগান কর্তৃপক্ষ তা না করে সন্ত্রাসীদের মদদ দিয়ে উল্টো হামলা ও নির্যাতনের শিকার, চা পাতা চুরির সংবাদদাতা ও সন্ত্রাসী চা পাতা চোরদের হামলায় গুরুতর আহত হরিনারায়ন হাজরা, স্বপন নায়েকসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা করেন। এখন পর্যন্ত হরিনারায়ন হাজরার লুটপাটকৃত গরু, ছাগল ও অর্থ উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার এবং লুটপাটকৃত গরু, ছাগল ও অর্থ উদ্ধার করার জোর দাবি জানান। একই সাথে বাগান শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাগান কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শেয়ার করুন