ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেটে শ্রমিক আন্দোলনের দুই সংগঠক বাসদের আহ্বায়ক কমরেড আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ গ্রেপ্তারকৃত সকল শ্রমিকনেতার মুক্তির দাবিতে নাগরিক সংহতির ডাক দিয়েছে সিলেটের বামপন্থী দল ও সংগঠনগুলো।
আগামী শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে, বাসদ নেতা জাফর-প্রণবকে দুই মামলায় গ্রেপ্তার করে কারাবন্দি রাখার পর আদালত থেকে জামিনের পর ফের নতুন আরও দুটি মামলায় গ্রেপ্তারের বিষয়টি বলপ্রয়োগ বলে সিলেটের বিশিষ্ট নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, “গত ২৭ সেপ্টেম্বর আনুমানিক বেলা আড়াইটার দিকে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় গ্রেপ্তার করা হয় বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্ সচিব প্রণব জ্যোতি পালকে। হঠাৎই একদল পুলিশ সদস্য বাসদের কার্যালয়ে এসে তাদের আলোচনার কথা বলে নিয়ে যান। শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তাদের দুটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হলেও মামলার এজাহারে যে তারিখ, স্থান, কর্মসূচি এবং কর্মকাণ্ডের বিবরণ দেওয়া আছে, সেই তারিখে এবং স্থানে অন্য একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে ওই দুই নেতা এবং তাদের পরিচালিত সংগঠনের কোনো সংযোগ নেই। উক্ত তারিখে আবু জাফর ঢাকায় ‘বিলস’-এর বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি বাদীপক্ষের দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তাদের নাম উল্লেখ ছিল না। এই বিষয়গুলো আমলে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর আদালত থেকে তারা জামিন পান। এ সময় পর্যন্ত তাদের নামে আর কোনো অভিযোগ বা মামলা ছিল না। নির্ধারিত সময়ে কারাফটকে গেলে কর্তৃপক্ষ জানান, তাদের ছাড়া হবে না। অনুসন্ধান করে জানা যায়, তাদের নামে আরও কিছু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ে আদালতের নির্দেশ অমান্য করে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি না দেওয়া এবং পরবর্তী সময়ে আরও মামলা দায়ের ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে, উক্ত মামলা এবং গ্রেপ্তার সম্পূর্ণ হয়রানিমূলক। আমরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ প্রশাসন এবং কারা কর্তৃপক্ষের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয়, বিগত শাসনামলের বিরোধী রাজনৈতিক দলকে দমনের স্বৈরাচারী প্রক্রিয়ার কথা। আমরা অবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।”
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য সুশান্ত সিনহা সুমন, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, বাসদ সিলেট জেলার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বাংলাদেশ জাসদের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাজাত কবির, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য ডা. হরিধন দাসসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত নাগরিক।