ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: কেউ রক্তচক্ষু দেখালে কী করতে হবে, তা আওয়ামী লীগ জানে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি গন্ডগোল লাগানোর অপচেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ আমরা তাদের দেব না। তবে কেউ রক্তচক্ষু দেখালে আওয়ামী লীগ জানে কী করতে হবে।’
আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র শুরুতে আলোচনা সভা হয়। সেখানেই তথ্যমন্ত্রী এ কথা বলেন।
‘বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিই তাদের উদ্দেশ্য। আর আওয়ামী লীগ গণমানুষ থেকে গড়ে ওঠা রাজপথের দল, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমস্ত প্রতিকূলতার মধ্যে উজান ঠেলে এগিয়ে যাওয়ার দল। আমরা রাজপথে আছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাব।’
‘যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসে তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলেনি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। আমাদের দেশেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আগামী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।’
এ সময় ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ওপর কালিমা লেপনের অসৎ উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘হামলাকারীদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। দুষ্কৃতকারীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এটি করেছে। আমরা এর নিন্দা জানাই।’