ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২২, ৮:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আইএমএফের তেল, গ্যাস, বিদ্যুতে ভর্তুকি কমানো ও ১০টি সংস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাসদ (মার্কসবাদী) দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, “এমনিতেই তেল, গ্যাস, বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির ফলে জনজীবনে দুর্ভোগের সীমা পরিসীমা নেই। শাসকগোষ্ঠীর লুটেরা নীতির ফলে জনগণের করের টাকা ভর্তুকির নামে মুনাফালোভী ব্যবসায়ীদেরই পকেটস্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার কেন আইএমএফের কাছে হাত পাতছে? কারণ লুটপাট, দুনীর্তি, অর্থপাচারের ফলে ইতিমধ্যেই রাষ্ট্রীয় তহবিল খালি করে দিয়ে অর্থনীতিকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেয়া হয়েছে। এখন সে সংকট থেকে উদ্ধার পেতে আইএমএফের কাছে হাত পাতার মধ্য দিয়ে আবার বড় সংকটের দিকে অর্থনীতি ও দেশকে ঠেলে দিচ্ছে। সরকার মুনাফালোভী ব্যবসায়ী—ঋণখেলাপী—টাকা পাচারকারীদের স্বার্থে একের পর এক গণবিরোধী নীতি কার্যকর করার ফলে দেশের অর্থনীতি ভয়াবহ বির্পযয়ের মুখে পড়েছে। এখন জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আইএমএফের মত রক্তচোষা জোঁকের কাছে ধর্ণা দিচ্ছে। আমরা দেখেছি, বিশ্বব্যাংক —আইএমএফ এর পরামর্শ সবসময়ই পিছিয়ে পড়া দেশসমূহের ক্ষেত্রে ভয়াবহ ক্ষতিকর প্রভাবই ফেলেছে। ফলে আইএমএফ এর ভর্তুকি কমানোসহ সরকারি প্রতিষ্ঠানকে (টিসিবি, বিএসএফআইসি, বিসিআইসি, বিআরটিসি, বিজেএমসি, বিটিএমসি, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বিএফডিসি) বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেশের জনগণের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘাঁ’ এর মতো। আমরা মনে করি, আইএমএফের পরামর্শ দেশের সার্বভৌমত্ব বিরোধী ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।”
তিনি বলেন, “আইএমএফ এর কাছে হাত পেতে সংকট কমবে না বরং বাড়বে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে ফেরত, খেলাপী ঋণ উদ্ধার, অপ্রয়োজনীয় প্রকল্প ও ব্যয় বন্ধ, লুটপাট বন্ধ করা হোক।”
কমরেড মাসুদ রানা জনগণকে আইএমএফ ও মুনাফাখোর ব্যবসায়ীদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।