ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সিলেটে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল

আপডেট টাইম : মে ৭, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: আসন্ন ঈদুল-ফিতর এর বোনাস ও এপ্রিল মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ৭ মে শুক্রবার সকাল ১১ টায় সিলেট কীন ব্রিজ পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি ও সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি একে আজাদ সরকার।

সংগঠনের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরিবহন শ্রমিকনেতা মোঃ খোকন আহমদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট শহর ও আশপাশ এলাকায় হোটেল-রেস্টুরেন্ট, প্রেস, রাইছ মিল, স’মিল, পরিবহণ, চা-রাবার, দোকান কর্মচারীসহ হাজার হাজার শ্রমিক কর্মচারী ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে চলমান লকডাউনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা অনেক শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধেক শ্রমিক দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে। এক্ষেত্রে মালিকরা অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদেরকে দ্বিগুণ কাজ করতে বাধ্য করছে। তারপরও মালিকরা মাস শেষে সময়মতো বেতন প্রদান করছে না। কিছুদিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর অনুষ্ঠিত হবে। কিন্তু আজ পর্যন্ত গত মাসের বকেয়া বেতন ও উৎসব বোনাস প্রদান করা হয়নি। বর্তমান পরিস্থিতে নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যের দাম বেশি হওয়ায় শ্রমিকরা এমনিতেই মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এরকম পরিস্থিতিতে সময় মতো বেতন বোনাস না পেলে পরিবার পরিজন নিয়ে শ্রমিকরা চরম অসহায়ত্বের মধ্যে পতিত হবে। বক্তারা
অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং ঈদের বোনাস প্রদানের দাবি জানান।

শেয়ার করুন