ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২২, ১২:২৭ অপরাহ্ণ

ডেনমার্কের রাজকুমারী ম্যারি তিন দিনের সফরে ঢাকায়

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকায় ধারাবাহিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী (ক্রাউন প্রিন্সেস) ম্যারি এলিজাবেথ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে ডেনমার্কের রাজকুমারীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর রাজকুমারী ম্যারি এলিজাবেথ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেন।

রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডেনমার্কের যুবরাজ ফ্রেডরিকের স্ত্রী। ঢাকায় পৌঁছানোর পর আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে ম্যারির। পরে আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এরপর ৫০ বছর বয়সী রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

এরপর বিকেল ৫টার দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে ম্যারির। আগামীকাল মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন তিনি। রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রাজকুমারী একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন তিনি। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন ম্যারি। কক্সবাজার থেকে আগামী বুধবার সকালে তিনি সাতক্ষীরায় যাবেন। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন তিনি।

রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং ওই এলাকার সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।

আগামী বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

শেয়ার করুন