ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২২, ১:২২ পূর্বাহ্ণ

ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৭ কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ

আপডেট টাইম : মার্চ ৩০, ২০২২ ১:২২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান এবং ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।

অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, সাত কলেজে বহুবিধ সমস্যা রয়েছে। এবং এই সমস্যার একটা বড় কারণ হচ্ছে সাত কলেজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয় তখন কোন সুপরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যদিয়ে এটা করা হয়নি। যার খেসারত এখনো দিতে হচ্ছে। আজকে আমাদের যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে সেগুলো শিক্ষার্থী বান্ধব না, প্রশাসন বান্ধব এবং অপরাজনীতি বান্ধব। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একটা শ্রেণি চরিত্র স্পষ্ট হয়েছে। সরকারি স্কুল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিচে নামিয়ে আনা হয়েছে। ফলে শিক্ষাখাতে চরম বৈষম্য বিরাজ করছে। আগামীদিনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাত কলেজের সমস্যা সংকট মোকাবেলায় সামষ্টিকভাবে ভ’মিকা রাখবে এই প্রত্যাশা করছি।

রাশেদ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, যে কলেজগুলো থেকে এদেশে একদিন সত্যেন বোস তৈরি হতো, মেঘনাথ সাহার মতো বিজ্ঞানী তৈরি হতো সেই কলেজগুলোর আজকে এই জীর্ণ দশা কেন সে প্রশ্ন আপনাদের করতে হবে। সাত কলেজের সংকট তৈরি করেছে প্রধানমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অথচ উচ্চশিক্ষার উপযোগী কোন ব্যবস্থাই কলেজগুলোতে করা হয়নি। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার দাবি নিয়ে কথা বলবেন তখন তারা বলবে এখানে রাজনীতি ঢুকে যাচ্ছে। অথচ রাজনৈতিকভাবেই এই সংকট তৈরি করা হয়েছে। এখানে মত প্রকাশের স্বাধীনতা বলতে আর কিছুই নেই। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের দখলে হল ক্যাম্পাসগুলো। বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম গেস্টরুমের নামে ছাত্র নির্যাতন চরম পর্যায়ে। এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। তার মধ্যদিয়ে আপনারা আপনাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্রবন্ধ, শ্রেষ্ঠ কবিতা, সেরা ফটোগ্রাফির জন্য পুরষ্কার দেয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য।

শেয়ার করুন