ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ

শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন

আপডেট টাইম : মার্চ ২০, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর প্রেসক্লাবে মনিজা রহমান গার্লস স্কুলের আন্দোলনরত স্কুলছাত্রীদের উপর পুলিশের লাঠিপেটা সরকারের নিপীড়ক চেহারা আরো একবার উন্মোচিত করেছে মন্তব্য করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

আজ রোববার (২০ মার্চ ২০২২) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, যৌক্তিক দাবিতে গড়ে ওঠা যেকোনো আন্দোলনকেই এই অবৈধ সরকার ভয় পায়। গণমানুষের সমর্থনহীন সরকার ভুলতে বসেছে যে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক দাবিকে কোনো শাসক হামলা-মামলায় দমিয়ে রাখতে পারেনি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মনিজা রহমান গার্লস স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে তাঁর পদ হারাতে বসেছেন। তাঁর কারণেই স্কুলের প্রায় ৬০০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা আটকে রয়েছে। তারা যখন পরীক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে, তখন সরকারের পোষা পেটোয়া বাহিনী বরাবরের মতই হিংস্র নখর বের করে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। পুলিশি হামলায় আহত হয়েছেন প্রায় ১০ জন শিক্ষার্থী। বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির হোতাদের বাঁচাতে সরকারের তৎপরতা এবং সেটি নিশ্চিত করতে শিক্ষার্থীদের উপর হামলা আমাদের আরো একবার বুঝিয়ে দেয় সরকার দুর্নীতি ও নিপীড়নের উপর তার গোটা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে।

অবিলম্বে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে তাদের পরীক্ষার ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন