ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ

দাম বৃদ্ধির গণশুনানি নয়,দাম কমানোর গণশুনানি চাই: ফিরোজ

আপডেট টাইম : মার্চ ২০, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেছেন, দাম বৃদ্ধির গণশুনানি নয়, দাম কমানোর গণশুনানি চাই।

আজ রোববার, ২০ মার্চ ২০২২ এক বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের উপরে বিইআরসি’র আগামীকাল ২১ মার্চ অনুষ্ঠিতব্য গণশুনানি বন্ধ করার দাবি জানিয়েছে তিনি এই কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, বিইআরসি একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সংস্থার কাজ হলো মূলত জনগণের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে যতবার জ্বালানির মূল্য নির্ধারণ নিয়ে গণশুনানি হয়েছে সেখানে রাজনৈতিক দল, ক্যাবসহ স্টেক হোল্ডারদের পক্ষ থেকে দাম বৃদ্ধির বিরুদ্ধে তথ্য-উপাত্তসহ যুক্তি তুলে ধরার পরও সরকারের ইচ্ছায় দাম বৃদ্ধি করে জনস্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।

বিবৃতিতে ফিরোজ বলেন, বিইআরসির আইন অনুযায়ী কোম্পানিগুলো লাভজনক থাকলে দাম বৃদ্ধি করা যাবেনা। অথচ বর্তমানে ৬টি গ্যাস বিতরণ কোম্পানিই লাভজনক থাকার পরও দাম ১১৭% বৃদ্ধির অর্থাৎ গৃহস্থালীর দুই বার্নারের চুলার বিল ৯৭৫ টাকা থেকে ২১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে যা অত্যন্ত অযৌক্তিক ও গণবিরোধী এবং বিইআরসি’র আইনেরও পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিসমূহের সিস্টেম লস কোন কোন ক্ষেত্রে ২২%। আবার আমাদের ১২টি গ্যাস ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা যেখানে ১১৫০ মিলিয়ন ঘণফুট সেখানে উৎপাদন করা হয় ৭৫০ মিলিয়ন ঘণফুট, অর্থাৎ ৪০০ মিলিয়ন ঘণফুট গ্যাস ক্ষমতা থাকার পরও উত্তোলন করা হচ্ছে না। পক্ষান্তরে গ্যাসের চাহিদা পূরণে বিদেশ থেকে ১৫০ মিলিয়ন ঘণফুট গ্যাস স্পট মার্কেট থেকে বেশি দামে আমদানী করা হচ্ছে। এতে করে মুষ্টিমেয় এলএনজি, এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী লাভবান হচ্ছে। আর এর দায় বহন করতে হচ্ছে সাধারণ জনগণকে।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, যদি সিস্টেম লস ৫% কমানো যায় এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী গ্যাস ক্ষেত্রগুলো থেকে পুরো মাত্রায় গ্যাস উত্তোলন করা হয় তাহলে গ্যাসের দাম বাড়ানো নয়, বরং গ্যাসের দাম কমানো সম্ভব।

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এর সাথে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে তার চতুর্মুখী প্রভাবে জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গিয়ে জনজীবন দুর্বিসহ করে ফেলবে। বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ দ্রব্যমূল্যের কষাঘাতে পর্যুদস্ত মানুষের দুর্ভোগ আর না বাড়াতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর আগামীকালের গণশুনানি বন্ধের দাবি জানান।

শেয়ার করুন