ডেস্ক রিপোর্ট
৯ ডিসেম্বর ২০২১, ১:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: চশমা খালে পড়ে নিখোঁজের ৩ দিন পর চট্টগ্রামের মির্জা খাল থেকে উদ্ধার করা হয়েছে শিশু কামালের মরদেহ।
বৃহস্পতিবার দুপর ১২টার দিকে মির্জাখাল থেকে শিশু কামালের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর পর শিশু কামালের মরদেহের সন্ধান মিললো। প্রথম দুই দিন চশমা খালে অভিযান চালানো হলেও পরে মির্জাখালেও অভিযান শুরু করে ফায়ার ও রেসকিউ টিমের সদস্যরা।
গেল সোমবার চট্টগ্রামের ষোলশহরে খেলনা জাতীয় বস্তু দেখে বন্ধু রাকিবের সাথে চশমা খালে নামে কামাল। পরে রাকিব খাল থেকে উঠতে পারলেও, তলিয়ে যায় কামাল। মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
এর আগে, গত ৩০শে জুন চশমা খালে অটোরিকশা পড়ে দুইজনের মৃত্যু হয়। ২৫শে আগস্ট মুরাদপুরে খালে পড়ে তলিয়ে যাওয়া সবজি ব্যবসায়ী সালেহ আহমদের সন্ধান এখনো মেলেনি। সবশেষ ২৭শে সেপ্টেম্বর আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।