ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ

তদারকী সরকারের অধীনে নির্বাচন দাবিতে খুলনায় বাম জোটের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি: নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার উদ্যোগে আজ ১১ অক্টোবর ’২৩ বুধবার বিকেল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়কারী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য আনিসুর রহমান মিঠুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা নেতা মোজাম্মেল হক খান, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ নেতা নুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা চাল-ডাল-তেল-আলুসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সমন্বয়ের নামে প্রতি মাসে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ ঘোষিত পাটকল রাষ্ট্রীয় মালিকায় চালু, শ্রমিকদের মজুরী
নির্ধারণ ও জাতীয় বেতন স্কেল, সারা দেশে রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবী করেন।

টাকা পাচারকারীদের চিহ্নিত করে পাচারকৃত টাকা ফেরত আনা ও পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী করেন বক্তারা।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন