ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খুলনায় ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।
আজ শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার, রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন, শরাফপুরের বাবু ও তার স্ত্রী শিউলী।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুভর্তি ট্রাক ও অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল। ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ ট্রাকটিও পড়ে যায় খাদে।
এলাকাবাসির সহযোগীতায় সঙ্গে সঙ্গে রেশমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অটোরিকশার ওপর বালুভর্তি ট্রাকটি পড়ায় পানির নিচে দেবে যায়। এতে অটোরিকশা থেকে কেউ বের হতে পারেননি।
পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেন বলে জানান ওসি।
এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হয়।