ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫ জন শ্রমিককে বেতন ভাতার দাবিতে আন্দোলন করায় গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ ১৭ এপ্রিল রাজু ভাস্কর্যের পাদদেশে তাৎক্ষণিক
প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও ঢাকা নগরের সভাপতি মুক্তা বাড়ৈ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ৪ বছর আগেও একই কায়দায় ৩ জন মানুষকে গুলি করে মারা হয়, কারণ তারা এস আলম গ্রুপের অবৈধ ভূমি দখল রুখে দাঁড়িয়েছিল। আজকে আবারও বকেয়া বেতন ভাতা দাবি করায় পুলিশ শ্রমিকদের ওপর গুলি বর্ষণ করে ন্যাক্কারজনক ভাবে ৫ জন শ্রমিককে খুন করেছে, গুলিবিদ্ধ হয়েছে ৩২ জন। সরকার লকডাউন দিয়েছে, কিন্তু লকডাউনে মানুষের খাবার ব্যবস্থা করার তার ক্ষমতা নাই। অন্যদিকে বকেয়া বেতন দাবি করলে সে পুলিশ দিয়ে খুন করায়। এই সরকার একটি সম্পূর্ণ ব্যর্থ সরকার, তাই আজ প্রতিনিয়তই পুলিস, গুলি এবং অস্ত্র দিয়ে সে জনগণকে মোকাবেলা করতে নেমেছে। কিন্তু যেদিন জনগণ এই সরকারকে মোকাবেলা করতে নামবে, সেদিন এইসব কিছুই কাজে দিবে না।
সমাবেশ থেকে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানানো হয়। শ্রমিকদের সকল ন্যায্য
দাবি দাওয়া মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। এছারাও সুন্দরবন সহ উপকূলীয় সমস্ত
এলাকায় বাশখালী তাপ বিদ্যুতকেন্দ্র সহ সকল পরিবেশ বিধ্বংসী প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি যৌথ মিছিল রাজু ভাস্কর্য, ঢাবি লাইব্রেরী ঘুরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। এরপর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে কমিউনিটি কিচেন থেকে তৃতীয় দিনের মত দুস্থ, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের জন্য খাবার সরবরাহ করা হয়।