ডেস্ক রিপোর্ট
৫ আগস্ট ২০২১, ৭:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নরসিংদীর পাঁচদোনায় ভাড়াটিয়া বাড়ি থেকে লামিয়া আক্তার সুমা (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা বাজারে বিল্লালের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লামিয়া আক্তার সুমা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গারোহারী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত লামিয়া আক্তার সুমা দীর্ঘ ১ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে বিল্লালের ভাড়াটিয়া বাড়িতে বাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল সুমার স্বামী মিলে কাজ করতে যান।
পরে সকাল ৯টায় ঘরের ভেতর নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পাশের ভাড়াটিয়ারা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।
পাঁচদোনা ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইফসুফ বলেন, নিহত গৃহবধূ মানসিক রোগী ছিলেন। তাকে পরিবার চিকিৎসা করাচ্ছিলেন। পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আমরা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারবো।