ডেস্ক রিপোর্ট

১৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ক্ষমতায় থাকা ও যাওয়ার দ্বন্দ্বে ক্ষমতাসীন দল ও বিরোধী দল যে নৈরাজ্যময় পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে ১২ ডিসেম্বর’২৩ মঙ্গলবার বিকেল ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক প্রভাবে জাতীয় ক্ষেত্রেও বিরাজ করছে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক তথা সামগ্রিক সংকট। সাম্রাজ্যবাদের দালাল সরকার প্রধানও লুটপাটের চিত্র আড়াল করতে ক্ষমতার খেয়োখেয়িতে আগামীতে দূর্ভিক্ষের কথা বলে নিজের দায়কে পাশ কাটাতে চাইছে। সাম্রাজ্যবাদ- সামন্তবাদ, আমলা -দালাল পুঁজির নির্মম শোষণ এবং তাদের স্বার্থরক্ষাকারী স্বৈরাচারী রাষ্ট্র ও সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী শাসনে শ্রমিক-কৃষক জনগণের জীবন আজ আরোও দুর্বিষহ ও বিপর্যস্থ হয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তার উপর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল যে হরতাল অবরোধের খেলায় মেতেছে যার সাথে পাল্লা দিয়ে ক্ষমতাসীন দল তাদের গদি রক্ষার তাগিদে কোনো কিছু করতে পিছপা হচ্ছেনা। সাম্রাজ্যবাদীরা এ সুযোগে বাংলাদেশকে তাদের আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার মধ্য দিয়ে তাদের সবচেয়ে উপযোগী দালাল শক্তিকে ক্ষমতায় আনতে চায়।

বক্তারা বলেন, সরকার ও শোষকগোষ্ঠি জনজীবনের সমস্যাকে পাশ কাটিয়ে ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য খেয়োখেয়ি-কামড়াকামড়িতে ব্যস্ত। যার ফলে বাংলাদেশে দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতি তীব্রতর হয়ে জনজীবন ও জাতীয় জীবনকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বাম নামধারী সংশোধনবাদী-সুবিধাবাদীরা সাম্রাজ্যবাদীদের আড়াল করে তার বিরুদ্ধে না দাঁড়িয়ে দল নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে দালালদের লেজুড়বৃত্তি করে চলছে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি সুরুজ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সজীব আহমদ, জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা স’মিল শ্রমিল ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম সহ প্রমুখ।

শেয়ার করুন