ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২২, ৩:২৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামে কবরস্থান থেকে এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে উদ্ধারের পর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় ও পুলিশ সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, রাতে হঠাৎ কবরস্থান থেকে শিশুর কান্না ভেসে আসছিল। অনেকে আবার বেড়ালের ডাক মনে করেছিলেন। কিন্তু কান্নার আওয়াজ বাড়তে থাকলে আশপাশের বাসিন্দারা কৌতূহলবশত কবরস্থানে যান। পরে একটি নবজাতককে দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর পুলিশে খবর দেন তারা। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
কবরস্থানের পাশের বাসিন্দা তাছলিমা আক্তার বলেন, হঠাৎ রাতে নবজাতকের কান্না কানে আসছিল। এগিয়ে গিয়ে দেখি নবজাতক কাঁদছে। গ্রামের লোকজন জড়ো হলো। সবাই মিলে শিশুটিকে গোসল করানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে রাতে দায়িত্ব পালনকারী স্মৃতি আক্তার বলেন, শিশুটি এখন সুস্থ আছে।
এদিকে কবরস্থানে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিতে আগ্রহ জানিয়েছেন স্থানীয় অনেকে।
পাঁচ সন্তানের জননী রাশেদা বেগম বলেন, ‘কেউ না নিলে আমি শিশুটিকে নিবো। আমার পাঁচ সন্তানের সঙ্গে আরেক সন্তান বড় হবে।’
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, এ নবজাতক প্রয়োজনে আমার এবং স্ত্রীর পরিচয়ে বড় হবে। যা যা প্রয়োজন সবই করবো।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল আহমদ বলেন, খবর পেয়ে নবজাতককে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাওয়াসহ প্রয়োজনীয় সবকিছুতে সহায়তা করা হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। নবজাতকের চিকিৎসা চলছে। সুস্থ হলে শিশুটি কোথায় থাকবে ঊর্ধ্বতনরাই সিদ্ধান্ত নিবেন।