ডেস্ক রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১০:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নড়াইলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারী এবং বান্দরবানের লামায় রংধজন ত্রিপুরার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করার দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
আজ শনিবার (১৬ জুলাই) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে কমরেড বজলুর রশীদ ফিরোজ দাবি করে গতকাল ১৫ জুলাই ’২২ নড়াইলের লোহাগড়া উপজেলার এক যুবকের ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অবমাননার অজুহাতে সাহাপাড়াায় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে অব্যাহতভাবে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, ভূমিদখলের ঘটনা ঘটে চললেও সরকার-প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থাতো নেয়নি বরং তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক ক্ষেত্রে সরকার দলীয় লোকেরাই এসব সাম্প্রদায়িকতার সাথে যুক্ততার প্রমাণ পাওয়া যায়। যার ফলেই একের পর এক হামলা নির্যাতনের ঘটনা ঘটছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সাম্প্রদায়িকতা, জাত-পাত, ধর্মীয় বিভেদ-বিভাজন গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে, রাষ্ট্র ও সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকেই শক্তি যোগায় এবং শোষিত-শ্রমজীবী, মেহনতি মানুষের ঐক্য নষ্ট করে, দুর্ভোগ বাড়িয়ে দেয়।
অপর এক বিবৃতিতে কমরেড ফিরোজ বান্দারবানের লামায় রংধজন ত্রিপুরার উপর ভূমিদস্যু রাবার বাগানের মালিকের সন্ত্রাসীদের হামলা ও মারাত্মক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে হামলাকারী সন্ত্রাসীদেরও গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। একইসাথে লামায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের জমি দখলকারী ভূমিদস্যু রাবার মালিককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে কমরেড ফিরোজ সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একইসাথে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাসদের উদ্যোগে আগামীকাল বিক্ষোভ সমাবেশ
নড়াইলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারী এবং বান্দরবানের লামায় রংধজন ত্রিপুরার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আগামীকাল বিকেল ৪.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।