ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৪ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার কন্ঠ, স্বৈরতন্ত্র ও ফ্যাসীবাদ বিরোধী সংগ্রামের সৈনিক, জনদরদী ও দেশপ্রেমিক।
বিবৃতিতে তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্য যৌবনে শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন আমৃত্যু সেই স্বপ্নকে লালন করেছেন। জীবন সায়াহ্নেও তিনি দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ফ্যসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। পাহাড় ও সমতলের আদিবাসীদের বন্ধু হিসাবে তাদের সকল বিপদে পাশে দাঁড়িয়েছেন তিনি।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে দেশ এক মানব দরদী ও দেশপ্রেমিককে হারালো; আর অধিকার বঞ্চিত মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধুকে। বিবৃতিতে কমরেড ফিরোজ তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।