ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গোপালগঞ্জ শহরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনে আটকে ধর্ষণ করা হয়েছে। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি, ২০২২) তারিখ এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘঠিত হয়। এখন পর্যন্ত পুলিশ ৩ জন সন্দেহভাজনকে আটক করেছে। বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা আজ (২৪ ফেব্রুয়ারি, ২০২২) দিনব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের মত জঘন্য অপরাধ বারংবার ঘটছে। বিচার না হওয়ার ফলে অপরাধীদের সাহস এবং অপরাধ প্রবণতা বেড়ে চলছে। একই সাথে ক্ষমতার সাথে লিয়াজু করে বিচারের হাত থেকে বেঁচে যাচ্ছে। এই ক্ষমতা কাঠামো ধর্ষকদের পেলেপুষে বড় করছে, তাদের ক্ষমতাবান করছে। আমরা বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভবিষ্যতে যেন এই জঘন্য অপরাধ সংঘটিত হতে না পারে সেজন্য প্রশাসনকে তৎপর হতে আহ্বান জানাচ্ছি। ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাই।”
নেতৃবৃন্দ ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একাত্ম হওয়ার আহ্বান জানান।