ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনএস গ্রুপ অব কোম্পানির শ্রমিক-কর্মচারীরা। এ সময় বিএনএস গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান এম এন এইচ বুলুর মুক্তির দাবিও করেন শ্রমিক-কর্মচারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড় যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৩১শে জানুায়ারি) সকালে নগরের টেকনগপাড়া এলাকায় ওই গ্রুপের শিল্প-প্রতিষ্ঠান এবিকো ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিক-কর্মচারীরা তাদের মালিকের মুক্তির দাবিতে বিক্ষোভ করে।
অন্যদিকে, নগরের বড়বাড়ি এলাকায় একই গ্রুপের প্রতিষ্ঠান ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-শ্রমিক-কর্মচারীরা একঘন্টা ধরে মানববন্ধন করে। এসময় কারখানার কেমিস্ট মো. মহিউদ্দিন, প্রিন্টিং ইনচার্জ সাহাজ উদ্দিন, কবির হোসেন, মোঃ শাহজাহান, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন, ‘একটি মামলায় তাদের মালিক দীর্ঘদিন কারাবন্দি থাকায় শ্রমিক কর্মচারীরা গত ৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না এবং ওই গ্রুপের কারখানাসমূহ বন্ধের উপক্রম হয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে এবং তাদের কর্মস্থল টিকিয়ে রাখার স্বার্থে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।’